দেশের সব শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বন্ধ রয়েছে।
একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় এবং পরবর্তী সময় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকে। এই অবস্থায় অষ্টম শ্রেণিতে আবারও অনলাইন রেজিস্ট্রেশন চালু করলে, তা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২৯ এপ্রিল একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে নির্দেশনা দিয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।





























