লিখিত পরীক্ষায় সফল হয়ে আপনি এখন শিক্ষকতার পথে চূড়ান্ত ধাপে দাঁড়িয়ে আছেন। মৌখিক পরীক্ষায় নিজেকে সেরা প্রমাণ করার জন্য ইতিবাচক চিন্তা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর মাত্র ১০ হলেও এটিই আপনার ব্যক্তিত্ব ও শিক্ষকতার যোগ্যতা প্রমাণের আসল জায়গা। লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।
প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
মৌখিক পরীক্ষার কোনো ধরাবাঁধা সিলেবাস নেই, তবে উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের মাধ্যমে এখানে নিজেকে সেরা প্রমাণ করার সুযোগ আছে। গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন।
পরীক্ষার দিনে কী করবেন
মৌখিক পরীক্ষার দিন ভোরে তাড়াহুড়া এড়াতে আগের রাতেই একটি ফাইলে নথিপত্রগুলো সাজিয়ে রাখুন। অনলাইন আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদ ও মার্কশিট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নাগরিকত্ব সনদের মূল কপি, কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল সনদ এবং জেলা শিক্ষা অফিস থেকে পাওয়া প্রাপ্তি স্বীকারপত্র রাখুন। সঙ্গে দুটি বলপয়েন্ট কলম ও সাদা কাগজ (অফসেট পেপার) নিন।
বাহ্যিক অবয়ব ও আচরণ
মৌখিক পরীক্ষায় আপনার বাহ্যিক অবয়ব প্রথম প্রভাব তৈরি করে। পুরুষদের জন্য হালকা রঙের ফুল হাতা শার্ট ও কালো ফরমাল প্যান্ট পরা উচিত। নারীদের জন্য হালকা রঙের রুচিশীল সুতি বা সিল্কের শাড়ি সবচেয়ে মানানসই। কক্ষে প্রবেশ করার সময় অনুমতি নিয়ে বিনয়ের সঙ্গে সালাম বা অভিবাদন দিন। বসার অনুমতি পেলে ‘ধন্যবাদ’ জানিয়ে সোজা হয়ে বসুন। প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন।
বিশেষ প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
ভাইভা বোর্ডে আপনার সম্পর্কে ও পারিপার্শ্বিক বিষয়ে গভীর ধারণা থাকতে হবে। নিজ জেলা, জুলাই গণ–অভ্যুত্থান ও সমসাময়িক বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা, ইংরেজি ও গণিত এবং পূর্ণরূপ (Abbreviation) সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন।




















