শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও মূল্যবোধের বিকাশের দিকে নজর দিয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকেরা যদি শ্রেণিকক্ষে নিজেদের সন্তানের মতো করে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন ও তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তবে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হবে না।
শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। একই সঙ্গে অভিভাবকেরাও তাঁদের সন্তানদের লেখাপড়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু শিক্ষার্থী ও তার পরিবারের জন্যই নয়; বরং জাতির জন্যও দুঃখজনক।
শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান করালেই হবে না, তাদের মনোযোগ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও বিশেষ নজর দিতে হবে। একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি বিভাগের উপসচিব মো. মাহবুব আলম।
সভায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মনজুর আহমেদ সেলিম ও গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।




















