ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য বাংলা ব্যাকরণ বিষয় থেকে প্রশ্ন থাকবে। নিচে গুরুত্বপূর্ণ ৩০টি বাগ্ধারা দেওয়া হলো। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়বে।
গুরুত্বপূর্ণ ৩০টি বাগ্ধারা
১. চোখ পাকানো (রাগ দেখানো): আমার দিকে এমন চোখ পাকানোর কারণ কী? ২. চোখ বুজে থাকা (ভূমিকা না রাখা): প্রতিবেশীর বিপদে চোখ বুজে থাকতে নেই। ৩. চোখে শর্ষে ফুল দেখা (বিপদে দিশাহারা হওয়া): পরীক্ষা সামনে, তাই চোখে শর্ষে ফুল তো দেখবেই। ৪. টনক নড়া (চৈতন্য হওয়া): প্রথম সাময়িক পরীক্ষা খারাপ হওয়ায় তার টনক নড়ল। ৫. ঠোঁট কাটা (স্পষ্টভাষী): তোমার মুখে কিন্তু কিছুই আটকায় না, ঠোঁট কাটা যাকে বলে। ৬. ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু): ঢাকায় গিয়ে ডুমুরের ফুল হয়ে ওঠো না। ৭. ঢাকের কাঠি (মোসাহেব): ম্যানেজার যা বলেন, তুমিও তা–ই বলো, তুমি তো তার ঢাকের কাঠি। ৮. তীর্থের কাক (সাগ্রহ প্রতীক্ষাকারী): ছেলের প্রতীক্ষায় মা তীর্থের কাকের মতো অপেক্ষায় আছেন। ৯. থ বনে যাওয়া (স্তম্ভিত হওয়া): তার কাণ্ড দেখে আমি তো থ বনে গেলাম। ১০. দিবাস্বপ্ন (অলীক কল্পনা): দিবাস্বপ্ন দেখতে ভালোবাসে না এমন লোক মেলা ভার। ১১. দহরম মহরম (ঘনিষ্ঠতা): ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। ১২. দুধের মাছি (সুসময়ের বন্ধু): টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না। ১৩. ধামাধরা (চাটুকারিতা): সমাজে ধামাধরা লোকের অভাব নেই। ১৪. নয় ছয় (অপচয়): জাভেদ জমি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল। ১৫. পুঁটি মাছের প্রাণ (ছোট মন): পুঁটি মাছের প্রাণ নিয়ে নেতা হওয়া যায় না। ১৬. পুকুর চুরি (বড় রকমের চুরি): অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছেন। ১৭. বর্ণচোরা (ভণ্ড): বর্ণচোরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে। ১৮. বিড়াল তপস্বী (ভণ্ড সাধু): মুখে নীতিবাক্য আওড়ালেও লোকটা আসলে বিড়াল তপস্বী। ১৯. বাঘের দুধ (অসম্ভব বস্তু): টাকায় কী না হয়? বাঘের দুধ মেলে। ২০. বিনা মেঘে বজ্রপাত (অপ্রত্যাশিত বিপদ): সন্তানের মৃত্যুর সংবাদ তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। ২১. ভরাডুবি (সর্বনাশ): দোকানে আগুন লেগে ফজলু মিঞার ভরাডুবি হয়েছে। ২২. ভিজে বিড়াল (কপটচারী): সে একজন ভিজা বেড়াল, তাকে চেনা সহজ নয়। ২৩. যক্ষের ধন (কৃপণের কড়ি): যক্ষের ধনের মতো সে তার টাকাকড়ি আগলে আছে, কাউকে দুই পয়সার সাহায্যও করে না। ২৪. মানিক জোড় (গভীর সম্পর্ক): সহকর্মীদের এমন মানিক জোড় খুব কমই দেখা যায়। ২৫. লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): লোকটি লেফাফা দুরস্ত হলে কী হবে, আসলে মূর্খ। ২৬. সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল। ২৭. সোনায় সোহাগা (উপযুক্ত মিলন): বর-কনেকে খুব সুন্দর মানিয়েছে, এ যেন সোনায় সোহাগা। ২৮. রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি): উচ্চপদে নিয়োজিত ব্যক্তিরা যদি রাঘব বোয়াল হন, দেশের উন্নতি হবে কীভাবে? ২৯. শাঁখের করাত (উভয় সংকট): বাবা বিপদে পড়েন সত্য বললে, আর মা বিপদে পড়েন মিথ্যে বললে। আমি পড়েছি শাঁখের করাতে। ৩০. শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): বড় সাহেব হারুনকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একই বলে শাপে বর।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুনের মন্তব্য
হাজারীবাগ সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আফলাতুন বলেন, 'ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় বাংলা ব্যাকরণ বিষয় থেকে প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা উপরের বাগ্ধারাগুলো মনোযোগ দিয়ে পড়বে।'




















