বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামে চতুর্থ ব্যাচে ভর্তি চলছে। জুলাই ২০২৬ সেশনের জন্য আগ্রহী প্রার্থীরা ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সমসাময়িক বিশ্বে টেকসই উন্নয়ন, পলিসি মেকিং ও সামাজিক পরিবর্তন নিয়ে কাজ করার পরিধি দিন দিন বাড়ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক এনজিও ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় দক্ষ পেশাজীবীদের চাহিদা এখন তুঙ্গে। এই সম্ভাবনাময় খাতে নিজেকে বৈশ্বিক মানের যোগ্য করে তুলতে এমডিএস প্রোগ্রামটি একটি নতুন সুযোগ।
এমডিএস প্রোগ্রামটি ২ বছর মেয়াদি, যা ৪টি সিমেস্টারে (প্রতি সিমেস্টার ৬ মাসমেয়াদি) বিভক্ত। প্রোগ্রামে সর্বমোট ১৬টি কোর্স বা ৬৫ ক্রেডিট সম্পন্ন করতে হবে। কর্মজীবী শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে এই কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৫ বছর।
প্রতি শুক্র ও শনিবারে সমন্বিত বা ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে। তবে সিমেস্টার শেষে চূড়ান্ত পরীক্ষাগুলো সাপ্তাহিক ছুটির দিনে বাউবির মেইন ক্যাম্পাস গাজীপুরে অনুষ্ঠিত হবে।
শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যেকোনো আগ্রহী ব্যক্তি এই কোর্সে আবেদন করতে পারবেন। স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মানবিক, বিজ্ঞান কিংবা ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে ৩ বা ৪ বছরমেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা একটি মাস্টার্স ডিগ্রিসহ ২ বছরমেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
আবেদন ফরম ফি ১০০০ টাকা। এ ছাড়া প্রথম সিমেস্টারে মোট ভর্তি ফি (আবেদন ফি ব্যতীত) ১৯ হাজার ১০০ টাকা। আগ্রহী প্রার্থীদের বাউবির অফিশিয়াল ভর্তি ওয়েবসাইট –এর মাধ্যমে আবেদন করতে হবে।




















