শেয়ারবাজারে নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে লেনদেনেও বড় উত্থান হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত প্রায় ২২ মাসের মধ্যেই এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন।
গত বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুনর্গঠন করা হয়। ওই দিন সকালে পদত্যাগ করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়া রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। আর দুপুরের পর বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মাসুদ খান।
নতুন নেতৃত্ব যখন দায়িত্ব গ্রহণ করে, ততক্ষণে ওই দিনের লেনদেন শেষ হয়ে যায়। সেই হিসাবে নতুন নেতৃত্বের অধীনে আজই ছিল প্রথম কার্যদিবস। আর এই দিনই ঢাকার বাজারের লেনদেন হয়েছে ১ হাজার ৫২৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি।
লেনদেনের পাশাপাশি এদিন বাজারে সূচকও বেড়েছে। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৪১ পয়েন্ট বেড়ে আবারও সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। আজ দিন শেষে ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫১৬ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকার বাজারে আজ মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ক্রাউন সিমেন্ট। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকায়।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে আজ খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল সাধারণ বিমা খাত। এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৪০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ।






























