বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা কৃষিঋণে অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রণীত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’-এর আলোকে কার্ডধারীর জন্য ব্যাংকগুলো ১০ টাকার হিসাব খুলবে। এ ছাড়া পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেবে।
তবে স্মার্ট কার্ড না থাকা প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা এই কর্মসূচির আওতায় ঋণসুবিধা থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও ঋণদাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া সম্প্রতি ভারী বৃষ্টিপাতে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে, তাঁদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহের হাওরাঞ্চলসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত জেলার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।
















