চীনে তেলের চাহিদা ৯ শতাংশ কমেছে, কিন্তু অর্থনীতি ভেঙে পড়ছে না। জেপি মরগানের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় চীনের তেলের চাহিদা ৯ শতাংশ কমে গেছে। অর্থনীতির ভাষায় এটি উদ্বেগজনক খবর। তবে চলমান তেলসংকট সত্ত্বেও চীনের অর্থনীতি ধসের মুখে নয়।
চলমান তেলসংকট বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানিসংকটগুলোর একটি। সেই সঙ্গে চীন নিজেদের চাহিদার প্রায় ৭০ শতাংশ তেল আমদানি করে থাকে। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। এত কিছুর পরও চীনের তেল সরবরাহ পরিস্থিতি আপাতদৃষ্টিতে বেশ স্বাভাবিক।
বিষয়টি মোটেও এ রকম নয় যে সরকারি নির্দেশে জ্বালানি সাশ্রয়ের অভিযান চালানো হয়েছে এবং তার ফলে তেলের চাহিদা কমেছে; বরং এর কারণ হলো, ভোক্তাদের আচরণ দ্রুত বদলে যাওয়া। চীনের মানুষ জীবাশ্ম জ্বালানিনির্ভর গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও গণপরিবহনের দিকে ঝুঁকেছে।
শুধু চীন নয়, বিশ্বের অনেক জায়গাতেই এ প্রবণতা দেখা যাচ্ছে। এসব পরিবর্তনের কিছু ইতিমধ্যে তেলের চাহিদায় স্থায়ী প্রভাব ফেলেছে। এমনকি হরমুজ প্রণালি আবার খুলে গেলেও সেই পরিবর্তনের ধারা পুরোপুরি উল্টে যাবে না।
















