সরকার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়াতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের পাঁচ হাজার টাকা করে ভাতা বাড়ানোর প্রস্তাব করেন।
মাসিক সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ পরিবারের ৪০ হাজার টাকা, বীর উত্তম পরিবারের ৩০ হাজার টাকা, বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের ২৫ হাজার করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকছে।
এ ছাড়া উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসাসেবা, দাফনে অনুদানসহ বিভিন্ন সুবিধা অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।






























