মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভেবেছিলেন, ইরানের বিরুদ্ধে তাঁদের বিজয় নিশ্চিত হলে মধ্যপ্রাচ্যকে তাঁরা নতুনভাবে গড়ে তুলতে পারবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, অঞ্চলটি বদলাচ্ছে ঠিকই, তবে তাঁরা যেমনটা ভেবেছিলেন, সেভাবে নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করা যায়নি। উল্টো এখন এক দীর্ঘস্থায়ী সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। সেখানে হয়তো থেমে থেমে সংঘাত চলতে থাকবে।
ট্রাম্প ও নেতানিয়াহুর মূল্যায়ন ভুল ছিল। তাঁরা এখন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ইরানের শাসকগোষ্ঠী নিজেদের ট্রাম্প ও নেতানিয়াহুর ধারণার চেয়েও অনেক বেশি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেছে। ইরান একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে, যা ইরানের শাসকগোষ্ঠী এখনো যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে সক্ষম বলে প্রমাণিত করেছে।
ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার আশা করেছিলেন। ভেবেছিলেন, এ চুক্তির মাধ্যমে ইরান আবার হরমুজ প্রণালি খুলে দেবে এবং বড় বড় বিষয় নিয়ে দীর্ঘমেয়াদি আলোচনার ভিত্তি তৈরি হবে। তবে এখন হরমুজ প্রণালি বন্ধই আছে এবং বড় কোনো কূটনৈতিক অগ্রগতি ছাড়া এটি শিগগিরই খুলে যাবে—এমন সম্ভাবনাও খুব কম বলে মনে হচ্ছে।





























