হু শিয়াওসোং হলেন চীনের হুয়াংশান পর্বতের এক হাজার বছরের পুরনো পাইনগাছের দেহরক্ষী। তিনি ১৬ বছর ধরে এই গাছটিকে তীব্র প্রতিকূল আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত উৎসাহী পর্যটকদের হাত থেকে রক্ষা করছেন।
হু বলেন, ‘আমি প্রতিদিন দুই ঘণ্টা পরপর টহল দিয়ে এই গাছ পরীক্ষা করি এবং এর সুরক্ষা নিশ্চিত করি।’ তাঁর মতে, পর্যটকদের আচরণ উন্নত হয়েছে এবং আধুনিক প্রযুক্তি গাছটিকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২০ সালে একটি অ্যালার্ম সিস্টেম স্থাপন করা হয়েছে যা পর্যটকদের গাছটির খুব কাছে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠায়। হু বলেন, ‘আমি সতর্কবার্তা পাওয়া মাত্র দ্রুত টহল দিতে পারি। এতে অনেক সময় বাঁচে।’
হুয়াংশানে গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন শহরের মেয়ররা জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত পর্যটনের প্রভাব থেকে নিজেদের শহরকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিলেন। বিশ্বের বিভিন্ন শহরের মেয়ররা হুয়াংশানের পর্যটন ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করতে চান।



















