সরকারি ব্যবস্থাপনায় নতুন একটি হজ প্যাকেজ সংযোজন করা হয়েছে এবং উড়োজাহাজ ভাড়া কমছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকারি ব্যবস্থাপনায় নতুন একটি প্যাকেজ করা করা হয়েছে; যেখানে ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী বছরের জন্য উড়োজাহাজ ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমছে। তিনি বলেন, গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এ বছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।
প্যাকেজের বিস্তারিত
ধর্ম উপদেষ্টা বলেন, এ বছর সরকারি মাধ্যমে ‘হজ প্যাকেজ-১ (বিশেষ)’, ‘হজ প্যাকেজ-২’ ও ‘হজ প্যাকেজ-৩’ শিরোনামে মোট তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, প্যাকেজ–১–এর আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মার কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা।
খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজ-২ কিছুটা সুলভ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিরাঙ্গন থেকে ১ দশমিক ২ কিলোমিটার থেকে ১ দশমিক ৮ কিলোমিটারের মধ্যে এবং মার কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা দেওয়া হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
ধর্ম উপদেষ্টা বলেন, হজ প্যাকেজ-৩ একটি সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মার কাজিয়া এলাকার বাইরে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
অন্যান্য বিষয়
আগামী বছর হজে সৌদি সরকার স্বাস্থ্যবিমার পরিমাণ বাড়িয়েছে ১৩০ সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা। ধর্ম উপদেষ্টা জানান, হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১ হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজ নিয়ে এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।





























