নববর্ষ উদযাপনের ঐতিহ্য খুব প্রাচীন এবং এটি দলমতধর্ম নির্বিশেষে সর্বজনীন উৎসব। মানবসভ্যতার দিনপঞ্জি আবিষ্কারের পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে নববর্ষ পালনের রীতি চালু হয়েছিল। প্রাচীনতম নববর্ষ উদযাপনের নথি পাওয়া যায় খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে। মেসোপটেমিয়ায়, ব্যাবিলনে নববর্ষ যার নাম ছিল আকিতু শুরু হত বসন্তকালের অমাবস্যায়।
বাংলা নববর্ষের ইতিহাস
বাংলায় নববর্ষ উৎসবের ঐতিহ্য খুব প্রাচীন না হলেও ইতিহাস বলে ৫৯৪ খ্রিষ্টাব্দে রাজা শশাঙ্ক তাঁর রাজ্যে সূর্যের অবস্থান নির্ণয় করে পয়লা বৈশাখ পালনের রীতি শুরু করেন। পরে শশাঙ্কের এই রীতিকে আরও জনপ্রিয় করে তোলেন মুঘল সম্রাট আকবর।
রবীন্দ্রনাথের অবদান
আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে নববর্ষের আধুনিক রূপরেখায় রবীন্দ্রনাথের ভূমিকাকে উল্লেখ করা যায়। তিনি বাংলার প্রতিটি উৎসবকে ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক রূপদানের চেষ্টা করেছিলেন।





























