মুজদালিফায় হজ্জের রাতে অসংখ্য মানুষের মধ্যে ছিল এক অদ্ভুত নীরবতা। খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে গভীর ঘুম পড়েছিল হাজিরা। বিভিন্ন দেশ থেকে এসেছিলেন তারা। নানা ভাষা, নানা বর্ণ, নানা সংস্কৃতি। কিন্তু সেই রাতে মনে হচ্ছিল, সবাই যেন একই পরিবারের মানুষ।
মুজদালিফা মূলত মক্কার কাছে মিনার পথে এক বিশাল খোলা প্রান্তর। এটি কোনো নির্দিষ্ট মাঠ নয়; বরং বিস্তীর্ণ এক এলাকা, যার সীমানা নির্ধারণ করে দেওয়া আছে। এখানে নেই কোনো হোটেল, নেই কোনো তাঁবু। শুধু বিভিন্ন জায়গায় নারী-পুরুষের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা। খোলা আকাশের নিচেই কাটাতে হয় রাত। এটাই নিয়ম। মাটি হয়ে যায় বিছানা, আকাশ হয়ে যায় চাদর।
মুজদালিফার আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো—ছোট ছোট পাথর সংগ্রহ করা। মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য এখান থেকেই কঙ্কর কুড়িয়ে নিতে হয়। রাতে খোলা আকাশের নিচে গভীর ঘুম হয়েছিল। ফজরের নামাজের সেই মুহূর্ত আজও ভুলতে পারি না। পাথুরে জমিনে পাতলা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলাম। তবু মনে হচ্ছিল, জীবনের সবচেয়ে প্রশান্ত এক ভোরে দাঁড়িয়ে আছি।




















