মদিনা মুনাওয়ারা হলো প্রিয় নবীজি (সা.)-এর প্রিয় শহর, যেখানে তাঁর রওজা শরিফ ও মসজিদে নববি অবস্থিত। মদিনা রাসুলুল্লাহ (সা.)-এর আশ্রয়ভূমি এবং প্রেম, ধৈর্য ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্তস্থান।
মদিনার ফজিলত
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে আমার রওজা জিয়ারত করল, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল।’ (দারকুতনি: ২৬৯৫; বায়হাকি: ৩৮৬২) তিনি আরও বলেন, ‘যে হজ করল, কিন্তু আমার রওজা জিয়ারত করল না; সে আমার প্রতি জুলুম করল।’ (দারকুতনি, পৃষ্ঠা: ২৭২)
মসজিদে নববির গুরুত্ব
রাসুলে আকরাম (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার মসজিদে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেছে এবং কোনো নামাজ কাজা করেনি, সে নিফাক (মুনাফিকি) ও দোজখের আজাব থেকে মুক্ত।’ (তাবরানি: ৫৪৪৪, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৩২৫; তিরমিজি: ২০০) আরও বর্ণিত আছে, ‘মসজিদে নববিতে এক রাকাত নামাজের সওয়াব ৫০ হাজার রাকাত নামাজের সমান।’ (ইবনে মাজাহ: ৭৫২)
মসজিদে নববির গুরুত্বপূর্ণ স্থানসমূহ
মসজিদে নববির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হলো নবীজি (সা.)-এর রওজা শরিফ। হজরত আয়েশা (রা.)-এর হুজরার মধ্যে তাঁর পবিত্র মাজার শরিফ অবস্থিত। তাঁর পাশেই হজরত আবু বকর (রা.) এবং তাঁর পাশে হজরত ওমর (রা.)-এর মাজার রয়েছে। এর পাশে আরেকটি কবরের জায়গা খালি আছে; এখানে হজরত ঈসা (আ.)-এর সমাধি হবে।




















