হজরত জাকারিয়া (আ.) মরিয়ম (আ.)-এর তত্ত্বাবধানের জন্য নির্বাচিত হন এক অলৌকিক লটারির মাধ্যমে। লটারিতে তাওরাত লেখার কলম ব্যবহার করা হয়েছিল। যাঁর কলম স্রোতের বিপরীতে চলবে, তিনি বিজয়ী হবেন। সবার কলম স্রোতে ভেসে যায়, কিন্তু জাকারিয়া (আ.)-এর কলম স্রোত উপেক্ষা করে উল্টো দিকে চলে। তিনবার লটারি হয় এবং প্রতিবারই জাকারিয়া (আ.)-এর নাম উঠে আসে।
মরিয়ম (আ.) ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। বৃদ্ধ বয়সে হান্নাহের গর্ভে মরিয়মের জন্ম হয়। হান্নাহ সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। মানত অনুযায়ী, মরিয়মকে মসজিদুল আকসার সেবক হিসেবে উৎসর্গ করা হয়েছিল। জাকারিয়া (আ.) মরিয়মের জন্য মসজিদুল আকসার পাশে একটি কক্ষ নির্দিষ্ট করেন। তিনি দিনে সেখানে থাকতেন এবং রাতে খালার বাসায় বা জাকারিয়ার স্ত্রীর কাছে চলে যেতেন। উপাসনাগৃহে তিনি আল্লাহর ইবাদতে সময় কাটাতেন। তাঁর জন্য জান্নাত থেকে খাবার আসত, যা দেখে জাকারিয়া (আ.) বিস্মিত হতেন।




















