প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার প্রস্তাবে অসম্মতি জানান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেন্দ্রটির নাম পরিবর্তনের প্রস্তাব পাঠায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, মায়ের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে এই বলে অনুশাসন দিয়েছেন যে যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।
এর আগে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী।



















