কল্পনা চাকমা অপহরণের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান এসেছে এক আলোচনা সভা থেকে। অপহরণের পর ৩০ বছর গড়িয়ে গেলেও পাহাড়ি নারীনেত্রী কল্পনা চাকমার খোঁজ এখনো মিলল না।
কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে হিল উইমেন্স ফেডারেশন। কল্পনা চাকমা এই সংগঠনেরই সাংগঠনিক সম্পাদক ছিলেন।
১৯৯৬ সালের ১২ জুন পার্বত্য চট্টগ্রামে কর্মরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কল্পনা চাকমাকে অপহরণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর তাঁর কোনো সন্ধান আর পাওয়া যায়নি।
আলোচনা সভায় অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, অপহরণের পরের কল্পনা চাকমা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত ৩০ বছরে তাঁর আদর্শে শত শত কল্পনা চাকমার জন্ম হয়েছে। আন্তর্জাতিকভাবেও তিনি এখন অনেক শক্তিশালী।
হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা আলোচনা সভায় সরকারের কাছে তিনটি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো অবিলম্বে কল্পনা চাকমা অপহরণ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা; দোষী ব্যক্তিদের যথাযথ বিচার নিশ্চিত করা; ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত ও পার্বত্য সমস্যা সমাধানে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা।



















