কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে ২০৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ৪৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। মামলায় গ্রেপ্তার ৪৮ নেতা-কর্মীর মধ্যে বেশ কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে বলে জানা গেছে।
এ ঘটনায় সোমবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০–১৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডকে সমর্থন ও উৎসাহিত করার চেষ্টা করেছেন। মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে উসকানিমূলক কার্যকলাপ চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।



















