শিল্পা শিন্ডের যৌন হয়রানির অভিযোগ নিয়ে ভারতের টেলিভিশন অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। প্রায় এক দশক আগে ‘ভাবিজি ঘর পার হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ নিয়ে সাম্প্রতিক এক পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।
বিষয়টি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী পূজা বেদি। তিনি বলেন, মিথ্যা অভিযোগ শুধু নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে না, প্রকৃত ভুক্তভোগীদের কথাও মানুষের কাছে কম বিশ্বাসযোগ্য করে তোলে।
শিল্পা শিন্ডে ২০১৬ সালে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটে যায়। শিল্পার সাম্প্রতিক মন্তব্যের পর বিনোদন অঙ্গনে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।



















