মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বলেছেন যে, তাঁর কাছের মানুষের আচরণে পরিবর্তন দেখছেন তিনি। ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসার পর এই পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি।
মিথিলা ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘কুদৃষ্টি সব সময় অপরিচিত মানুষের কাছ থেকে আসে না। অনেক সময় তা আসে সেই মানুষগুলোর কাছ থেকেই, যারা আপনার সঙ্গে একই টেবিলে বসে, আপনার সামনে হাসিমুখে কথা বলে, অথচ আপনার সাফল্যে অন্তরে অন্য অনুভূতি লালন করে।’
তিনি আরও বলেছেন, ‘তারা আপনার জীবনের খবর নেয় সব সময় আপনাকে অভিনন্দন জানাতে নয়, বরং আপনাকে মাপতে। তারা মুখে “মাশাআল্লাহ” বলে, কিন্তু মন থেকে নয়।’
মিথিলা বলেছেন, ‘“রকস্টার”-এ আমার উপস্থিতি খুব বেশি সময়ের ছিল না। প্রায় ১৫ মিনিটের একটি চরিত্র। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অভিভূত।’
‘রকস্টার’ দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার বিদেশেও মুক্তি পাচ্ছে। ছবিটি ঘিরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



















