‘একটা জিনিস চিন্তা কইরা দেখলাম, এই দুনিয়ায় ভালো মাইনষের দাম নাই’—আফরান নিশোর কণ্ঠে পরিচিত সেই সংলাপ নিয়ে আবার ফিরছেন ‘মাসুদ’। ‘সুড়ঙ্গ-২’-এর ঘোষণাটিজার প্রকাশ করা হয়েছে।
২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। নির্মাতা রায়হান রাফী ও অভিনেতা আফরান নিশো আবার এক হচ্ছেন এই প্রকল্পে।
‘সুড়ঙ্গ’ ছবিটি ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর দেশের চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল। আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হয়েছিল এই ছবির মধ্য দিয়ে। ‘মাসুদ’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ছবিটি বক্স অফিসেও উল্লেখযোগ্য সাফল্য পায়।
নতুন ছবিটি প্রথম ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। তবে এবার কাহিনি ও নির্মাণ—দুই ক্ষেত্রেই পরিধি আরও বড় হবে। উন্নত প্রযুক্তি, বৃহৎ ক্যানভাস ও আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
নির্মাতা রায়হান রাফী বলেন, ‘“সুড়ঙ্গ-২” শুধু আগের গল্পের ধারাবাহিকতা নয়, এটি আমার চলচ্চিত্রের নিজস্ব ইউনিভার্সকে আরও বিস্তৃত করবে।’
আফরান নিশো বলেন, ‘“মাসুদ” চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে।’



















