ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছর থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি এখনও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা মোটামুটি আগের মতোই রয়েছে। তিনি বলেন, তাঁর ব্রেন ক্যান্সারের কথা চিকিৎসকেরা জানিয়েছিলেন।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও পুরো টিউমার সরানো সম্ভব হয়নি।
অস্ত্রোপচারের পর তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি। পরিবার-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রায় ৬০টি কেমোথেরাপি নিতে হয়েছে তাঁকে।
চিকিৎসকের বরাতে লিটন এরশাদ জানান, অস্ত্রোপচারের পর ক্যান্সার যে স্থানে ছিল, এখনও সেখানেই রয়েছে। যদিও তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। চিকিৎসকেরা এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
লিটন এরশাদ জানান, কাঞ্চন ভাই এখন ধীরে ধীরে কথা বলতে পারেন, কিন্তু কথাবার্তায় জঁ়তা রয়েছে। অনেক সময় কয়েক মিনিট কথা বলার পর তিনি পুরো বাক্য শেষ করতে পারেন না। একটি পূর্ণ বাক্য শেষ করতেও কষ্ট হয় তাঁর।
খাবারদাবার মোটামুটি স্বাভাবিক থাকলেও নিয়মিত সময়মতো খাওয়ার অভ্যাসটিও আগের মতো নেই। তাঁর বেশিরভাগ সময় কাটছে পরিবারের সাথে।





























