চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর স্বামী নিয়ে লেখা এক পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন, ‘যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাঁকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান!’ এই একটি বাক্যই তাঁর অনুভূতির গভীরতা প্রকাশ করেছে বলে মনে করছেন অনেক। একই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। তাঁর প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। চলুন, ভদ্রলোক, আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করি।’
বিয়ের পর সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে দীপ্তি
দীপ্তি চৌধুরী বিয়ের পর থেকেই সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শুভেচ্ছার পাশাপাশি নানা আলোচনা-সমালোচনাও দেখা গেছে অনলাইনে। তবে এসবের মধ্যেও নিজের জীবনের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করেছেন তিনি।
মুশতাক ইবনে আইয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক
দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
দীপ্তির পোস্টে ২৫ হাজারের বেশি মন্তব্য, আড়াই লাখের বেশি রিঅ্যাকশন
দীপ্তির এই লেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে। আড়াই লাখের বেশি রিঅ্যাকশন এসেছে এবং মন্তব্য করা হয়েছে ২৫ হাজারের বেশি। দীপ্তির সেই পোস্ট শেয়ার হয়েছে দেড় হাজারের কাছাকাছি।



















