মুক্তির আগেই ‘ককটেল ২’ ছবিটি মোট বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে ফেলেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। নির্মাতারা প্রেক্ষাগৃহ, ডিজিটাল ও সংগীত স্বত্ব বিক্রি করে বাজেটের ৫০ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে।
বড় পরিসরে নির্মাণ
বড় পরিসরে ‘ককটেল ২’ প্রযোজক দিনেশ ভিজান ছবিটি অত্যন্ত বড় পরিসরে নির্মাণ করেছেন। বিশ্বের বিভিন্ন মনোরম লোকেশনে মাত্র ৭০ দিনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। দর্শকদের বড় পর্দায় দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দেওয়ার জন্য ছবিতে চমৎকার লোকেশন, আকর্ষণীয় সংগীত এবং স্টাইলিংয়ের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
সমকামী প্রেমের গুজব
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, ছবিতে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেন ছবির টিম। কৃতি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে দুজন ছেলে একসঙ্গে থাকলে মানুষ তাদের বন্ধু বা “ব্রোমান্স” বলে। কিন্তু দুজন মেয়ে একসঙ্গে থাকলে তারা শুধু বন্ধু হতে পারে, এটা অনেকেই মানতে চান না।’ পরিচালক হোমি আদাজানিয়া জানান, শুটিংয়ের সময় কৃতি ও রাশমিকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। তাঁদের একসঙ্গে দেখে ইউনিটের সদস্যরা মজা করে ভাবতেন, যদি ছবির গল্পটা এই দুই মেয়েকে ঘিরেই হতো আর শহীদ কাপুরের চরিত্রটি মাঝখানে এসে পড়ত, তাহলে কেমন হতো! সেই মজার মন্তব্য থেকেই গুজবের সূত্রপাত।
নতুন গল্প
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছবির পরিচালক ছিলেন হোমি আদাজানিয়া। আর ছবির গল্পটি লিখেছিলেন চিত্রপরিচালক ইমতিয়াজ আলী। ছবির তিন তারকা ছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি। পরিচালক হোমি আদাজানিয়া জানিয়েছেন, আগের ‘ককটেল’-এর সঙ্গে এর সিক্যুয়েলের গল্পের কোনো মিল নেই। ‘ককটেল ২’-এর মাধ্যমে নির্মাতারা এক নতুন এবং তাজা কাহিনি আনছেন। এই ছবির কাহিনি বুনেছেন তরুণ জৈন ও লাভ রঞ্জন। ম্যাডডক ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।



















