শবনম বুবলীর কন্যা জন্মের ঘোষণার পর অপু বিশ্বাসের এক ফেসবুক পোস্ট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অপু বিশ্বাস ফেসবুকে নতুন ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।’
এই পোস্টের ক্যাপশন নিয়ে নেটিজেনরা ভিন্ন ব্যাখ্যা খুঁজতে শুরু করেছেন। কারণ, এর এক দিন আগে শবনম বুবলী তাঁর কন্যাসন্তানের জন্মের খবর দিয়েছিলেন। বুবলী ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।’
অপু বিশ্বাসের পোস্টটি শবনম বুবলীর ঘোষণার সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ মন্তব্যে সরাসরি দুই নায়িকার প্রসঙ্গ টেনে আনছেন। আবার কেউ এটিকে নিছক একটি ফটোশুটের পোস্ট বলেই মনে করছেন।
অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক ঢালিউডের দর্শকদের কাছে বরাবরই আলোচনার বিষয়। শাকিব খানকে ঘিরে দুই নায়িকার ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট, মন্তব্য কিংবা নীরবতাও অনেক সময় আলোচনার খোরাক জুগিয়েছে।





























