শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম। একই সঙ্গে উপাচার্য পদে থাকা অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শনিবার রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক খায়রুল ইসলামকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
অধ্যাপক খায়রুল ইসলাম বর্তমানে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের (ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক।
অধ্যাপক খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে আমি সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। এই যাত্রায় আমি সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।'




















