জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া সীমান্তের শূন্যরেখায় আরেক ব্যক্তির অবস্থান ঘিরে আবার স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আজ শুক্রবার দুপুরে মধ্যবয়সী ওই ব্যক্তিকে শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে স্থানীয় লোকজন বাধা দেন। এর পর থেকে ওই ব্যক্তি শূন্যরেখায় অবস্থান করছেন।
বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে উভয় পক্ষই লোকটিকে সেখানে রেখে চলে আসেন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, এখানে কোনো পুশ ইনের চেষ্টার ঘটনা ঘটেনি। ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে হয়তো সেখানে গিয়েছেন। শূন্যরেখায় লোকটিকে দেখে বিএসএফ সদস্যরা সেখানে এসেছিলেন। পরে তাঁরাও সেখানে গিয়েছিলেন। পরে বিএসএফ চলে যায় এবং তাঁরাও চলে আসেন। এটাকে পুশ ইনের ঘটনা বলা যাবে না।




















