ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ শুক্রবার সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি বেলা সাড়ে ১১টার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দিনেশ ত্রিবেদী তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ঢাকায় আসছেন।
দিনেশ ত্রিবেদী ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা। তিনি যশোর থেকে সড়কপথে ঢাকায় পৌঁছাবেন। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
গত এপ্রিলে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠাল। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। আর প্রণয় ভার্মা ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।
২০২০ সালে ভারতের তখনকার হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছিলেন। করোনা মহামারির কারণে তখন ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তিনি সড়কপথে বাংলাদেশে এসেছিলেন।





























