চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াং ইয়াং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের অনুকরণে জনপ্রিয়তা অর্জন করেছেন। মাত্র দুই সপ্তাহে তাঁর অনুসারীসংখ্যা কয়েক হাজার বেড়ে গেছে।
ইয়াং ইয়াং (২৮) চীনের একটি গ্রামে থাকেন। সম্প্রতি তিনি কয়েকটি ভিডিও তৈরি করে সেগুলো অনলাইনে ছেড়েছেন। ভিডিওগুলোয় তাঁকে দেখতে হুবহু হুয়াংয়ের মতো লাগছে।
হুয়াংয়ের মতো সাজতে খুব বেশি অর্থ ইয়াংকে খরচ করতে হয়নি। চুলের রং ধূসর করতে ইয়াং প্রথমে চুলে গমের আটা ছিটিয়ে দেন এবং তার ওপর হেয়ার জেল ব্যবহার করেন। চামড়ার জ্যাকেটটি কেনেন ১০০ ইউয়ানে (প্রায় ১ হাজার ৮০০ টাকা) এবং চশমা কিনতে তাঁর খরচ হয়েছে ১০ ইউয়ান (১৮১ টাকা)।
এ মাসের শুরুতে ইয়াংয়ের অ্যাকাউন্টে অনুসারীসংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। হুয়াংকে অনুকরণ করে তাঁর করা ভিডিওগুলোর কয়েকটির ভিউ দেড় কোটি ছাড়িয়ে গেছে। একবারে সর্বোচ্চ ২০ হাজার মানুষ তাঁর লাইভ স্ট্রিমগুলো দেখেছেন।



















