ভারতীয় বিজ্ঞানী নন্দিনী হরিনাথের পরা শাড়িটি যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান জাদুঘরে বিশেষ স্থান পেয়েছে। নন্দিনী ২০১৩ সালে ভারতের প্রথম মঙ্গল অভিযান মঙ্গলযানের কার্যক্রম পরিচালনাবিষয়ক পরিচালক ছিলেন। অভিযান চলাকালে তিনি উজ্জ্বল লাল ও নীল রঙের সিল্কের শাড়ি পরেছিলেন।
নন্দিনী তার গুরুত্বপূর্ণ কাজের সময়গুলোতে বা ভারতের মহাকাশ সংস্থা ইসরোকে প্রতিনিধিত্ব করার সময় শাড়ি পরতে পছন্দ করেন। বিশেষ করে তিনি এ ধরনের সময়গুলোতে তার বাবার দেওয়া শাড়ি পরে থাকেন।
মহাকাশ ইতিহাসবিষয়ক কিউরেটর ম্যাট শিন্ডেল শাড়িটিকে দুটি গুরুত্বপূর্ণ প্রেরণার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। প্রথমত, এটি ভারতের প্রথম মঙ্গল অভিযান এবং দেশের সফল মহাকাশ কর্মসূচিকে নিয়ে জাতীয় গর্বের প্রতীক। দ্বিতীয়ত, এটি নন্দিনীর ব্যক্তিগত গল্পকে তুলে ধরে, যা অনুপ্রেরণাদায়ক।
শাড়িটি এখন জাদুঘরের ‘ফিউচারস ইন স্পেস’ গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। সেখানে খেলনা, গেমস, চলচ্চিত্রের পোস্টারসহ নানা ধরনের বস্তু রাখা আছে। মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নারী স্যালি রাইডের পরা আইকনিক নীল টি-শার্টের পাশে এটিকে রাখা হয়েছে।






























