লেবাননের সংসদ বুধবার এক বিস্তৃত ও দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত সাধারণ ক্ষমার আইন পাশ করেছে যা হাজার বন্দি ও অভিযুক্তদের উপকারে আসবে। ১৯৯১ সালের পর এই আইন প্রথম বিধিবদ্ধ হয়েছে। এই আইন বহু বছর ধরে রাজনৈতিক বিভিন্ন দলের দাবি ও আলোচনার বিষয় ছিল এবং জেলখানার অতিরিক্ত জনবহুলতা কমানো লক্ষ্যে গৃহীত হয়েছে। দেশটির সংসদ স্পিকারের অফিস জানিয়েছে, 'একটি খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে যা সাধারণ ক্ষমা প্রদান এবং ব্যতিক্রমীভাবে কিছু দণ্ডের মেয়াদ কমানোর লক্ষ্যে'।
আইনটির অন্যতম পক্ষপাতী আইনপ্রণেতা ইমাদ আল-হৌত জানান, আইনটি মৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের দণ্ডের মেয়াদ ১৭ বছরে কমিয়ে দিয়েছে। লেবাননে জেলের ১ বছর হিসাবে ৯ মাস গণনা করা হয় বলে এটি ১২ বছর ৯ মাসের সমান। আইনটি ১২ বছরের বেশি সময় ধরে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তিরও আহ্বান জানিয়েছে যদি তাদের দোষী সাব্যস্ত করার বিষয়ে কোনো আদালতের রায় না থাকে।
লেবাননের জাতীয় মানবাধিকার কমিশন ২০২৫ সালের রিপোর্টে জানিয়েছিল যে, জেলখানায় ৩০০ শতাংশ অতিরিক্ত জনবহুলতা রয়েছে। ২০২৪ সালের মার্চ মাসের শেষে জেলখানায় অন্তত ৬,২৬৮ বন্দি ছিলেন। ২০২৪ সালে সিরিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রপতি বশর আল-আসাদের পতনের পর সাধারণ ক্ষমার বিষয়টি আরও গুরুত্ব পেয়েছিল, কারণ লেবাননে অনেক ইসলামপন্থী বন্দি সিরিয়ার গৃহযুদ্ধের সাথে যুক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন।




























