হাইকোর্ট বাংলাদেশ বার কাউন্সিলের গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
প্রথম রিভিউ ফলাফল বাতিল করে দ্বিতীয় রিভিউর জন্য বাংলাদেশ বার কাউন্সিলের গত ২৩ নভেম্বরের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদল, আইনজীবী এম আশরাফুল ইসলাম প্রমুখ শুনানিতে ছিলেন। বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তুহিন।
পরে রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদল প্রথম আলোকে বলেন, প্রথম রিভিউ ফলাফল বাতিল করে দ্বিতীয় রিভিউর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটগুলো করা হয়। ২৩ নভেম্বরের ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রথম রিভিউ ফলাফলে উত্তীর্ণ, দ্বিতীয় রিভিউ ফলাফলে বাদ পড়া রিট আবেদনকারীসহ প্রার্থীদের যৌক্তিক সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।




















