সংসদ সদস্য রুমিন ফারহানার নামে জামায়াতকে নিয়ে একটি ভুয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, এমন কোনো মন্তব্য রুমিন ফারহানা করেননি।
চলতি মাসের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে তাঁকে হেনস্তা করে নানা পোস্ট আসছে ফেসবুকে।
এর মধ্যেই রুমিন ফারহানার ছবি ব্যবহার করে জামায়াতকে নিয়ে তাঁর একটি ফটোকার্ড ছড়ায়। ‘ছাত্রশিবির মিডিয়া’ নামে একটি প্রোফাইল থেকে দেওয়া এই ফটোকার্ডের পোস্টে প্রায় ৭ হাজার প্রতিক্রিয়া পড়েছে। এটি শেয়ার হয়েছে ৬৪০ বার। পোস্টের নিচে মন্তব্য হয়েছে ৩ শতাধিক।
৫১ হাজার অনুসারী থাকা ‘টিপস অব মাহমুদ’ নামে একটি পেজ থেকেও একই ধরনের পোস্ট দেওয়া হয়। সেই পোস্টে সাড়ে ৬ হাজার প্রতিক্রিয়া হয়েছে, শেয়ার হয়েছে ১ হাজার বার, মন্তব্য জমা হয়েছে ৩ শতাধিক।
অনুসন্ধান চালিয়ে নির্ভরযোগ্য কোনো সূত্রে রুমিন ফারহানার এমন মন্তব্যের তথ্য পাওয়া যায়নি। তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলেও এ ধরনের কোনো বক্তব্য নেই। কোনো সংবাদমাধ্যমে তাঁর এমন কোনো বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। শুধু কিছু ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে এ দাবি প্রচার করা হচ্ছে।



















