জাতীয় সংসদে নাটোরে গ্যাস সংযোগের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নিজেকে 'নাটোরের জামাই' বলে পরিচয় দিলে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন মন্ত্রীকে নোয়াখালীতে বিয়ের প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী বলেছেন, তাঁর আরেক বিয়ে করার আর শখ নেই।
আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে নাটোর জেলার শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস–সংযোগের বিষয়টি উত্থাপন করেন এম রুহুল কুদ্দুস তালুকদার।
রুহুল কুদ্দুস তালুকদার বলেন, নাটোর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। সেখানে নাটোর সুগার মিল, মিল্ক ভিটা, মেঘনা গ্রুপ, আরএফএল, পারটেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু গ্যাস–সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, 'পার্লামেন্টের পরিভাষায় একটা কথা আছে—উইট অ্যান্ড হিউমার। আমি প্রশ্নকর্তাকে নিয়ে একটু উইট অ্যান্ড হিউমার করতে চাই। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবার শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাকে বলে সিলেটের দামান, আর নাটোরে গেলে বলে নাটোরের জামাই।'
মন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৫ সালে নাটোরে গ্যাস দেওয়ার জন্য উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করেছিলেন এবং কাজও শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সরকার ২০১২ সালে ৮১ কোটি টাকার সেই প্রকল্প বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, গত ১৭-১৮ বছরে একটি কূপও খনন করা হয়নি।
মন্ত্রী বলেন, দেশীয় ও বিদেশি কোম্পানিকে গ্যাস অনুসন্ধানে আহ্বান জানানো হয়েছে। বাপেক্সের বিদ্যমান রিগের সঙ্গে আরও পাঁচটি রিগ যুক্ত করে দ্রুত নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পূরক প্রশ্নে রুহুল কুদ্দুছ তালুকদার নাটোরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, 'নাটোর শুধু বনলতা সেনের শহর নয়, রানি ভবানীর শহর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে ১৩ বার উত্তরা গণভবনে রাত্রিযাপন করেছেন। বেগম খালেদা জিয়াও নাটোরে একাধিকবার অবস্থান করেছেন। নাটোরের মানুষ জানতে চায়—তারা কবে নাগাদ গ্যাস–সংযোগ পাবে।'
জবাবে মন্ত্রী বলেন, 'এটা তো শ্বশুরবাড়ির আবদার হয়ে গেল। আমরা কূপ খনন শুরু করেছি। গ্যাস আবিষ্কার হলে বন্ধ হয়ে যাওয়া ৮১ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আমি আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাটোরে গ্যাস যাবে এবং উদ্বোধন করা হবে।'






























