ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান আলোচিত ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সৃষ্ট পরিস্থিতি বিবেচনার দাবি রাখে। ধর্মপ্রাণ মানুষের আবেগ–অনুভূতিতে আঘাত হানার মতো কোনো আপত্তিকর ঘটনা সংঘটিত হয়েছে কি না, সেগুলো আলোচনায় আসা দরকার।
মামুনুল হকের মতামত
মামুনুল হক আরও বলেন, ঘটনার আলোচনায় পবিত্র বাইতুল্লাহ শরিফের অবমাননা ও ব্রাহ্মণবাড়িয়ার সর্বজনশ্রদ্ধেয় ফখরে বাঙাল তাজুল ইসলামের সম্মানহানির মতো গুরুতর অভিযোগ শোনা যাচ্ছে। পবিত্র বায়তুল্লাহ শরিফের অবমাননা হয়ে থাকলে বিষয়টি খুবই গুরুতর। তিনি বলেছেন, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের ক্ষোভের কারণ যদি এহেন কর্মকাণ্ড হয়ে থাকে, তবে তা দ্রুত আমলে নিয়ে সুরাহা করা জরুরি। আর যদি নিছক একটি সিনেমার প্রদর্শনী প্রতিবাদের মুখ্য বিবেচ্য হয়ে থাকে, তাহলে বিষয়টি আরেক পর্যায়ের। একটি ধূম্রজাল সৃষ্টি হয়ে আছে। বিষয়টি খোলাসা হওয়া প্রয়োজন। আলেম সমাজ ও ইসলামি জনতার প্রতিবাদী ভূমিকা সাধারণ মানুষের কাছে বোধগম্য ও গ্রহণযোগ্য হওয়াও জরুরি।






























