বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে পুরোনো নেতাদের ওপরই আস্থা রাখা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে আবদুল মোনায়েম (মুন্না) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) নিযুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম এখন সৌদি আরবে আছেন। তিনি পবিত্র হজ পালনে সৌদিতে গেছেন। তাঁর ওপর আস্থা রাখায় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কমিটিতে রেজাউল কবীরকে (পল) জ্যেষ্ঠ সহসভাপতি, মো. কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহসাধারণ সম্পাদক, ১২ জন সহসাংগঠনিক সম্পাদক, ৫ জন আইনবিষয়ক সম্পাদক রাখা হয়েছে। এ ছাড়া কমিটিতে মাত্র ১১ জনকে সদস্য করা হয়েছে।



















