# ওহাইওয়ের উৎসবস্থলে গোলাগুলি, ১২ জন আহত

*যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনায় ১২ জনের মতো আহত হয়েছেন।*

১৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- ওহাইও অঙ্গরাজ্যের উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছেন।
- পুলিশ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে।
- স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে গোলাগুলির ঘটনার পর একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। গতকাল শনিবারের এ ঘটনায় ১২ জনের মতো আহত হয়েছেন।

টলেডো পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘গুলি চলার খবর পাওয়ার পর ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালের কাছে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে খুঁজে পান।’

তবে ওই ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, কিংবা আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, বেশ কয়েকজন ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কাছাকাছি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। টলেডো পুলিশ বিভাগ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে।

এদিকে পুলিশ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/us-festival-shooting-12-injured
