চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে তিমির বিশ্বের বৃহত্তম সমাধিক্ষেত্র খুঁজে পেয়েছেন। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, এই সমাধিক্ষেত্রটি ৫০০টিরও বেশি তিমির কঙ্কাল নিয়ে গঠিত। এর মধ্যে কিছু জীবাশ্মের বয়স প্রায় ৫৩ লাখ বছর।
বিশাল ও প্রাচীন সমাধিক্ষেত্র
গবেষকেরা বলছেন, এই সমাধিক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে গভীর ও প্রাচীন। এটি অস্ট্রেলিয়ার পশ্চিম পাশে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। সাগরে তলদেশে কিছু জায়গা ৭ হাজার মিটার পর্যন্ত গভীর।
অদ্ভুত প্রাণীর আশ্রয়স্থল
গবেষকেরা ছোট ডুবোযান দিয়ে এই গবেষণা চালিয়েছেন। তাঁরা দেখতে পান, তিমির দেহাবশেষের ওপর নানা ধরনের অদ্ভুত প্রাণী বসবাস করছে। বিজ্ঞানীদের ধারণা, এসব প্রাণীর অনেকগুলোই নতুন প্রজাতির।
বিজ্ঞানীদের অবাক করে দিলো আবিষ্কার
চায়নিজ একাডেমি অব সায়েন্সেস–এর বিজ্ঞানী শিয়াওতং পেং বলেন, এই আবিষ্কারের বিশালতা বুঝে গবেষকেরা ‘অবাক’ হয়ে গেছেন। তিনি বলেন, তিমির এমন বড় পরিসরের সমাধিক্ষেত্র, এর গভীরতা এবং বয়স—সবকিছুই তাঁদের ধারণার বাইরে ছিল।



















