# খুনের মামলায় অভিযুক্ত রাউল কাস্ত্রো প্রথমবারের মতো জনসম্মুখে

*যুক্তরাষ্ট্রে খুনের মামলায় অভিযুক্ত হওয়ার পর এই প্রথম জনসম্মুখে এলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো।*

১৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- রাউল কাস্ত্রো খুনের মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রথম জনসম্মুখে
- হাভানার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাউল কাস্ত্রো
- ট্রাম্প প্রশাসন ১৯৯৬ সালের বিমান ঘটনার জন্য রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছে

যুক্তরাষ্ট্রে খুনের মামলায় অভিযুক্ত হওয়ার পর এই প্রথম জনসম্মুখে এলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো।

গতকাল শুক্রবার কিউবার রাজধানী হাভানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে রাউল কাস্ত্রোকে অংশ নিতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এরপর তাঁকে আর জনসম্মুখে দেখা যাচ্ছিল না। গত বুধবার ৯৫ বছরে পা দেওয়া এ বর্ষীয়ান নেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত মাসে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক র‍্যালিতে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ১৯৯৬ সালে কিউবার নির্বাসিত নাগরিকদের একটি সংগঠনের পরিচালিত যাত্রীবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন দেশটির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো। ওই ঘটনায় চার মার্কিন নাগরিক নিহত হন।

দীর্ঘ তিন দশক পর ওই ঘটনাকে কেন্দ্র করে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আইনি পদক্ষেপ ওয়াশিংটন ও হাভানার কমিউনিস্ট সরকারের বৈরী সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলার আগে চলতি বছরের ১৫ জানুয়ারি রাউল কাস্ত্রোকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের বন্দী করার অভিযানে নিহত ৩২ জন কিউবান সেনার প্রতি শ্রদ্ধা জানাতে হাভানার একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

কিউবা সরকার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ওই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/raul-castro-first-public-appearance-after-us-murder-charges
