# ক্রেমলিন: রাশিয়া-ইউক্রেন অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আশাবাদী

*ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি নিয়ে ‘সতর্ক আশাবাদ’ রয়েছে।*

২৪ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- ক্রেমলিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে ‘সতর্ক আশাবাদ’ প্রকাশ করেছে।
- পুতিন ৩০ দিনের জন্য অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানিয়েছেন।
- রাশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি নিয়ে ‘সতর্ক আশাবাদ’ রয়েছে। যুক্তরাষ্ট্রের দূত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর পেসকভ এই মন্তব্য করেছেন।

পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসাথে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার।

পেসকভ বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনার জন্য পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে কথা বলা দরকার। উভয় পক্ষই এই বিষয়ে একমত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, পুতিনের মন্তব্যগুলি নিজের সুবিধামত প্রভাব বিস্তারের জন্য এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে পুতিনের শর্তসাপেক্ষ সমর্থন আসলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরি করে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার কোন সময় নির্ধারন করা হয়নি তবে তিনি বলেন সেটি সব সময়ই পরিবর্তন হতে পারে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া তার অর্থ বরাদ্দের ব্যাপারে ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে তাতে রাশিয়ার সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অর্থায়ন কমে যাচ্ছে।

## রাশিয়ার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি

প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে মন্ত্রণালয় বলছে যে ২০২৪ সালে রাশিয়াতে ১৮টি মাতৃকেন্দ্র সহ কমপক্ষে ১৬০টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার ছোট শহর এবং গ্রামগুলি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা ৫ লক্ষ। আর এই যুদ্ধটি নিশ্চিত ভাবেই রাশিয়ার সামরিক চিকিৎসা ব্যবস্থার সব ক্ষেত্রেই প্রতিকুল চাপ দিচ্ছে।

## সূত্র

- VOA Bangla

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/kremlin-optimistic-about-ceasefire-agreement
