# হোটেল কক্ষেও বিশ্বাস নেই—ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরিতে আতঙ্কে মার্কিন কর্মকর্তারা

*মার্কিন কর্মকর্তারা ইসরায়েলের গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে।*

১৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইসরায়েলের গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে।
- ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটজনক’ করা হয়েছে।
- মার্কিন কর্মকর্তারা ইসরায়েল সফরে যখন যান, তখন তাঁরা প্রায়ই বাড়তি সতর্কতা অবলম্বন করেন।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইসরায়েলের গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির বিষয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি মধ্যপ্রাচ্যে দেশটির এ শীর্ষ মিত্রের কাছ থেকে আসা কাউন্টার-ইন্টেলিজেন্স (পাল্টা গোয়েন্দা) হুমকির মাত্রাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ করণীয় নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পেন্টাগনের ‘ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)’ এই নতুন ‘পাল্টা গোয়েন্দা সতর্কবার্তা’ জারি করেছে।

কর্মকর্তারা আরও বলেন, ডিআইএ তাদের একটি অভ্যন্তরীণ বার্তা পোস্ট করেছে, যা বর্তমান কর্মকর্তাদের একজন দেখেছেন। বার্তায় ইসরায়েলি গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটজনক’ করা হয়েছে।

পেন্টাগনের কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের তথ্য হাতিয়ে নিতে ইসরায়েল বিশেষভাবে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। মূলত এই উদ্বেগ থেকেই ইসরায়েলকে এই সর্বোচ্চ স্তরের হুমকিতে তালিকাভুক্ত করা হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের গুপ্তচরবৃত্তির এ দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। মুখপাত্র বলেন, ‘ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর গোয়েন্দা নজরদারি চালায় না, সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি তো দূরের কথা। ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা মূলত শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়, মিত্রদের বিরুদ্ধে নয়। এর বিপরীত যেকোনো দাবি হয় ভুল তথ্যের ওপর ভিত্তি করে করা, নয়তো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

মার্কিন কর্মকর্তাদের একজন বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েল সফরের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করছে। আগ্রাসীভাবে তথ্য সংগ্রহের বিষয়ে তাদের (ইসরায়েলের) বেশ ‘সুনাম’ রয়েছে।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা যখন ইসরায়েল সফরে যান, তখন তাঁরা প্রায়ই বাড়তি সতর্কতা অবলম্বন করেন। এ ধরনের সরকারি সফরের সময় তাঁরা অনেক সময় অস্থায়ী ফোন (বার্নার ফোন) ও কম্পিউটার ব্যবহার করেন। এমনকি হোটেলের কক্ষে কথা বলার সময়ও তাঁরা সর্বোচ্চ সতর্ক থাকেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/israel-spying-on-us-officials
