# ট্রাম্পের ঘোষণার পর ইরান বললো, চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি

*ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।*

১৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বললেন, চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি।
- চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ চূড়ান্ত করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে।
- পাকিস্তান ও কাতার মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার রাতে রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে সরাসরি টেলিফোন কলে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

ইসমাইল বাঘাই আরও বলেন, চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে। নতুন নতুন অনুরোধ যোগ করছে।

পাকিস্তানের পাশাপাশি কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছে বলে ইসমাইল বাঘাই জানান। তিনি হরমুজ প্রণালির অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এ প্রণালিকে তুলনামূলক ‘কম নিরাপদ’ করে তুলেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থাগিতের ঘোষণা দেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/iran-says-no-final-agreement-yet-after-trumps-announcement
