# কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলায় পুলিশসহ ৩ নিহত

*কানাডার মন্ট্রিয়ল শহরে সোমবার দুপুরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন।*

২৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- মন্ট্রিয়লে বন্দুক হামলায় তিনজন নিহত
- নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য
- হামলাকারীর সঙ্গে 'ইনসেল' মতাদর্শের সম্ভাব্য যোগসূত্র

কানাডার মন্ট্রিয়ল শহরে সোমবার দুপুরে সংঘটিত এক বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক ব্যক্তি এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছেন। ঘটনাটি শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই ঘটনাটি ঘটেছে আংশিকভাবে ইহুদি অধ্যুষিত একটি এলাকায়। ওই এলাকায় কোশার বাজার ও রেস্তোরাঁ রয়েছে। গুলিতে নিহত বেসামরিক ব্যক্তি মন্ট্রিয়লের ইহুদি সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও-কানাডা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে তথাকথিত 'ইনসেল' মতাদর্শের যোগসূত্র থাকতে পারে।

## ঘটনার বিবরণ

মন্ট্রিয়ল পুলিশ প্রধান ফাদি দাগার ঘটনাটিকে 'একটি মর্মান্তিক ট্র্যাজেডি' এবং বেদনাদায়ক, হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে (গ্রিনিচ মান সময় ১৫৩০) মন্ট্রিয়লের কোট-দে-নেইজ এলাকায় সক্রিয় বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাগার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গোলাগুলি শুরু হয় এবং হামলাকারী একটি ভবনের ভেতর থেকে লম্বা বন্দুক দিয়ে গুলি চালায়।

## প্রত্যক্ষদর্শীদের বিবরণ

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ফ্র্যাঙ্ক ভোগাস এএফপিকে বলেন, তিনি ওই এলাকায় একটি দোকানে রং কিনছিলেন, এমন সময় গুলির শব্দ শুনতে পান। ৭১ বছর বয়সী ভোগাস বলেন, 'হঠাৎ দেখি চারদিক থেকে পুলিশ ছুটে আসছে এবং অস্ত্র তাক করছে।' তিনি জানান, পুলিশ দোকানে থাকা সবাইকে মেঝেতে নিচু হয়ে থাকতে নির্দেশ দেয়।

আরেক প্রত্যক্ষদর্শী ড্যানি উইল্ক বলেন, তিনি নিজের বাড়ির কাছের রাস্তায় ছিলেন, যখন প্রথমে একটি এবং পরে একাধিক গুলির শব্দ শুনতে পান। তিনি বলেন, 'আমি পাশের একটি পিৎজার দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করি। তখন দেখি সামরিক পোশাক পরা এক ব্যক্তি অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে, যেন গুলি চালানোর জন্য প্রস্তুত।'

## পুলিশের ক্ষয়ক্ষতি

পুলিশ প্রধান দাগার বলেন, একজন পুরুষ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একজন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ লামিন বেনরেদুন।

## সূত্র

- BSS

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/canada-gun-attack-kills-three
