# যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

*যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।*

১৫ জুন, ২০২৬ · প্রযুক্তি

## এক নজরে

- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।
- গেমিং ও লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে।
- অস্ট্রেলিয়ার পর এটি বিশ্বে এ ধরনের কঠোর নিষেধাজ্ঞার অন্যতম বড় পদক্ষেপ।

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে গেমিং ও লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে। বিশ্বজুড়ে অনলাইন দুনিয়ায় এ ধরনের কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে এটি অন্যতম বড় পদক্ষেপ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (১৫ জুন) জানিয়েছেন, শিশুরা যখন অনলাইনে থাকে, তখন তাদের মানসিক ও শারীরিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘আমার কাছে এটি স্পষ্ট যে, পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়াই সঠিক সিদ্ধান্ত।’ তিনি আরও যোগ করেন, কাজটা সহজ হবে না। তবে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর (বিগ টেক) ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সক্ষমতা সরকারের রয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/technology/uk-bans-social-media-for-children
