# ম্যাচ জেতানো ছক্কা মেরে হাসপাতালে ভর্তি মেহেদী হাসান মিরাজ

*ম্যাচ জেতানো ছক্কা মেরে মেহেদী হাসান মিরাজ হাসপাতালে ভর্তি হয়েছেন।*

১৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- ম্যাচ জেতানো ছক্কা মেরে মেহেদী হাসান মিরাজ হাসপাতালে ভর্তি
- নাথান এলিসের বল হেলমেটে লাগার পর মিরাজ অসুস্থ হন
- ম্যাচশেষে মিরাজকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ম্যাচ জেতানো ছক্কা মেরে মেহেদী হাসান মিরাজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয়ের ম্যাচে রাইলি মেরেডিথের বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো মিরাজ মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন।

নাথান এলিসের বল হেলমেটে লাগার পর মাঠেই শুয়ে পড়েন মিরাজ। তাঁকে বমি করতেও দেখা যায় তখন। মাঠে আনা হয় স্ট্রেচার, তৈরি করা হয় অ্যাম্বুলেন্স। তবে কিছুক্ষণ পরই তিনি সুস্থ হয়ে উঠে দাঁড়ান।

ম্যাচশেষে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আজকের ম্যাচে মিরাজের একটা কনকাশনের মতো হয়েছিল। আমরা সেখানে অ্যাসেস করার পর সে খেলা চালিয়ে যায়। ম্যাচের পর আমরা ওকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছি পর্যবেক্ষণ ও স্ক্যানগুলো করার জন্য। ও এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাসকিন জানিয়েছিলেন, তাঁকে ভালোই দেখেছেন। মিরাজকে নিয়ে দুশ্চিন্তা করার মতো তেমন কিছু নেই বলেও বিশ্বাস ছিল তাঁর।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/miraj-hospitalized-after-match-winning-six
