# বিশ্বকাপ ২০২৬: লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ইরানের খোলা চিঠি

*বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে হাতে লেখা একটি আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান জাতীয় ফুটবল দল।*

২৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- ইরান জাতীয় ফুটবল দল লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে গেছে।
- চিঠিতে ইরানের ঐতিহ্য ও জাতীয় চেতনার কথা তুলে ধরা হয়েছে।
- ইরান দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে হাতে লেখা একটি আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান জাতীয় ফুটবল দল। নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দ্রুত যুক্তরাষ্ট্র ছেড়েছে ইরান। পরে ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠি ভেন্যু কর্তৃপক্ষের নজরে আসে। পরে চিঠির ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন।

## চিঠিতে কী বলা হয়েছে

ইরান ফুটবল ফেডারেশনের চিঠিতে দেশটির ঐতিহ্য ও জাতীয় চেতনার কথা তুলে ধরা হয়েছে। বার্তায় বলা হয়, 'হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান আমাদের চেতনা এখনও জীবন্ত ও অটুট। আমরা লস অ্যাঞ্জেলেস গর্ব নিয়ে এসেছি, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।'

চিঠিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়নি ইরান, 'প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়-আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।'

## বিশ্বকাপে ইরানের অবস্থান

এবারের বিশ্বকাপে 'জি' গ্রুপে ইতিমধ্যে দু'টি ম্যাচই খেলেছে ইরান। লস অ্যাঞ্জেলেসে হওয়া দুই ম্যাচই ড্র করেছে তারা। নিউজিল্যান্ডের সাথে ২-২ এবং বেলজিয়ামের সাথে গোলশূন্য ড্র করে ইরান। ২ ম্যাচে ২ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। শেষ ৩২'এ যাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে তারা।

সিয়াটলে ২৭ জুন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে ইরান।

## সূত্র

- [BSS](https://www.bssnews.net/bangla/sports/317405)

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/iran-leaves-open-letter-in-dressing-room
