# বিশ্বকাপ উদযাপনে ব্রাজিলের পতাকা টাঙাতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

*মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।*

১০ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) মারা গেছে।
- ফয়সাল হোসেনের বাড়ি সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে, তার বাবার নাম মুন্নু মিয়া।
- সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ফুটবলে পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।

ফয়সাল হোসেনের বাড়ি সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে। তার বাবার নাম মুন্নু মিয়া। সে সদর উপজেলায় ভাটবাউর তাসনুভা ফিলিং স্টেশন নামের একটি পাম্পের কর্মচারী।

সদর থানার পুলিশ, পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ভাটবাউর এলাকায় নিজের কর্মস্থলে ব্রাজিলের পতাকা টাঙাতে একটি আমগাছে ওঠে ফয়সাল। এ সময় পাশে থাকা ৩৩ কেভির বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় ওই ব্রাজিল সমর্থক। পরে তাকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফয়সালের মামা বাদল হোসেন বলেন, তাঁর ভাগনে ব্রাজিলের সমর্থক ছিল। আসছে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কর্মস্থলে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, ফুটবলে পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে জানা গেছে। নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/brazil-flag-death
