# বিশ্বকাপ ফুটবল–২০২৬ সরাসরি সম্প্রচারে বিটিভি: চুক্তি চূড়ান্ত পর্যায়ে

*বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল–২০২৬ সরাসরি সম্প্রচার করতে সরকারের সঙ্গে ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।*

১৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- সরকার ও ফিফার মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে
- সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিটিভি সরাসরি সম্প্রচার করবে
- দর্শকেরা আশা করছেন খেলা দেখতে পাবেন

বিশ্বকাপ ফুটবল–২০২৬ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ সরকার এবং ফিফার মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভি সরাসরি খেলা সম্প্রচার করবে।

তথ্য মন্ত্রণালয় ও বিটিভির দুটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘পাবলিক মানি খরচ না করে পাবলিককে খেলা দেখানোর জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।’

বাংলাদেশে এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি হয়নি।

এরপর বাংলাদেশ সরকার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। বিনা মূল্যে সম্প্রচারস্বত্ব পেতে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বিটিভির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, আশা করা যায়, দর্শকেরা খেলা দেখতে পারবেন। আলোচনা চূড়ান্ত হলে বিটিভি বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব নেবে। বেসরকারি পর্যায়ে যারা খেলা দেখাবে, তারা বিটিভি থেকে স্বত্ব নেবে।

খেলা সরাসরি সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম টফিও। বিশ্বকাপ ফুটবলের ডিজিটাল সম্প্রচারস্বত্ব পেয়েছে বাংলালিংক ও টফি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/bangladesh-fifa-world-cup-broadcast
