# ‘ভালো উইকেটে খেলেছি, এমন না যে ধানখেত’— অস্ট্রেলিয়াকে হারিয়ে তাসকিন

*বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে।*

১৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে।
- মিরপুরের ভালো উইকেটে খেলে এই জয় পেয়েছে বাংলাদেশ।
- তাসকিন আহমেদ বলেছেন, ‘ভালো উইকেটে খেলছি, এমন না যে ধানখেত।’

বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। মিরপুরের ভালো উইকেটে খেলে এই জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ বলেছেন, ‘ভালো উইকেটে খেলছি, এমন না যে ধানখেত।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টি–টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ, আছে টেস্ট জেতার স্মৃতিও; কিন্তু দুটিই ছিল ঘরের মাঠে স্পিন উইকেটের সুবিধা কাজে লাগিয়ে। এবার যখন বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারাল, তখন পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। স্পোর্টিং উইকেটে সবার জন্যই সমান সুবিধা আছে। উইকেট নিয়ে সমালোচনা করার সুযোগ নেই তাই।

এর সঙ্গে তাসকিনের আছে অন্য একটি আনন্দও, ‘এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলছি। এমন না যে ধানখেত! আমরা ভালো উইকেটে খেলছি, ভালো দলের সঙ্গে জিতেছি। এটা দারুণ অর্জন।’

ইনিংসের প্রথম ওভারেই উইকেট মেডেন দিয়ে শুরুটা করেছিলেন তাসকিনই। স্কোরবোর্ডে এমন দৃশ্য দেখার অনুভূতি কেমন, সেটি শুনুন তাঁর মুখেই, ‘আসলে খুবই ভালো লেগেছে। আমরা মাঠে ছিলাম, এত কিছু দেখার সুযোগ হয়নি। কারণ, প্রতিটি ওভারই নতুন করে শুরু হয়। সবাই মিলে যত দ্রুত ওদের শেষ (অলআউট) করা যায় সেই চেষ্টাই করেছি।’

তাসকিনের কাছে যেই অনুভূতি ‘ভালো’, অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনের জন্য সেটাই বিষাদ। ড্রেসিংরুমে বসেই তিনি দেখেছেন একে একে তিন ব্যাটসম্যানের ফেরার দৃশ্য। পরে তাঁর ফিফটিতেই বাংলাদেশের সামনে কিছুটা লড়াই করার পুঁজি দিতে পেরেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশে বোলারদের কৃতিত্ব দিয়েই গ্রিন বলেছেন, ‘শূন্য রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো অবশ্যই কঠিন; কিন্তু আমার মনে হয় আমরা ভালো করেছি।’ সেই ভালো করাটাও যথেষ্ট হয়নি অস্ট্রেলিয়ার জয়ের জন্য। ম্যাচটা তাদের হারতে হয়েছে ৫ উইকেটে।

তাসকিন বললেন, ‘বছরখানেক ধরে আস্তে আস্তে দল হিসেবে আমরা গড়ে উঠছি। ভালো উইকেটে, ভালো কন্ডিশনে খেলে দল উন্নতি করছে। কারণ, আমাদের লক্ষ্য বড় টুর্নামেন্টে ভালো করার। যেটা এখনো ওভাবে হয়নি। এ জন্যই আমাদের বোর্ড এবং খেলোয়াড় সবাই মিলে চাইছে ভালো কন্ডিশনে খেলে স্কিল বাড়াতে।’

বিশ্বক্রিকেটে বাংলাদেশের পেস বোলিং নিয়ে আলোচনাটা এখন নিয়মিত। তাসকিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর দৃষ্টিতে বাংলাদেশের পেস বোলিং বিভাগ বিশ্বে কত নম্বরে থাকবে? উত্তরে তিনি বলেছেন, ‘সেরা তিনে’।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/bangladesh-beats-australia-in-odi-series
